রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস।
সোমবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে গণহত্যা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ, ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিগণ।
বক্তারা বলেন, পাকিস্তানি ঘাতকরা কেবল বাংলাদেশের নিরীহ সাধারণ মানুষদেরই হত্যা করেনি, তারা একাত্তরের পুরো মুক্তিযুদ্ধকালে আমাদের দেশের জ্ঞানী-গুণী বুদ্ধিজীবীদের হত্যা করেছে। ঐ মহান বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে আমাদের পথ দেখাতে পারতেন।
গণহত্যা দিবস উপলক্ষ্যে স্কুল-কলেজ-মাদ্রাসা সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে বাদজোহর ২৫ মার্চের রাতে নিহতদের স্মরণে সকল মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠান এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।



