রাঙামাটিতে চাউল বোঝাই ট্রাকের চাপায় নারী নিহত
রাঙামাটির মানিকছড়িতে চাউলবোঝাই একটি ট্রাকের চাপায় মনিরা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে রাঙামাটি সদরের মানিকছড়ি এলাকায় বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রের সন্নিকটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরা বেগম কুমিল্লা জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে রাঙামাটি সদরের মানিকছড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে রাঙামাটিগামী চাউলবোঝাই একটি ট্রাক মানিকছড়ির পাহাড়ি উঁচু সড়ক অতিক্রমকালে বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি উল্টে গিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশার ওপর চাপা পড়ে। ফলে অটোরিকশায় থাকা এক নারী ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচে চাপা পড়া নারী ও অটোরিকশাটি উদ্ধার করেন। ঘটনায় ঘাতক ট্রাকের কাউকে আটক করা যায়নি।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, দুর্ঘটনায় নিহত এক নারীর মরদেহ হাসপাতালে আনা হয়েছে।
রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারী মানিকছড়ি এলাকায় বসবাস করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



