রাঙামাটিতে নানা আয়োজনে ভাষা শহীদদের স্মরণ
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
আজ শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহিদ এম. আব্দুল আলী মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “ভাষা আন্দোলনের ইতিহাস আমাদের আত্মপরিচয়ের সঙ্গে জড়িত। এ চেতনা ধারণ করেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে যেতে হবে।”

পরে ভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
ভাষা শহীদদের স্মরণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। বক্তারা ভাষা আন্দোলনের গুরুত্ব ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
শহীদ স্মরণে পুষ্পস্তবক অর্পণ
এর আগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ জনগণ একে একে শ্রদ্ধা নিবেদন করেন।



