রাঙামাটিতে পার্বত্য উপ‌দেষ্টার আগমনে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের নজিরবিহীন বৈষম্যের প্রতিবাদে পার্বত্য উপদেষ্টা সু-প্রদীপ চাকমার রাঙামাটি আগমনের বিরোধিতা করে আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১১টায় রাঙামাটি শহরের বনরূপায় বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দ্যা রেড জুলাই সংগঠনের রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ইমাম হোছাইন ইমু। সমাবেশে বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের রাঙামাটি জেলা আহ্বায়ক মো. কামাল উদ্দিন, দ্যা রেড জুলাই সংগঠনের সহ-মুখপাত্র সায়েদা ইসলাম সাদিয়া এবং রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার প্রতিনিধি শ্যামল চৌধুরী।

বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় পাহাড়ি জনগণের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। সম্প্রতি চাকমা সম্প্রদায়কে দেওয়া বরাদ্দকে বাতিল করে পাহাড়ি ও বাঙালি সকল জাতিগোষ্ঠীকে জনসংখ্যা অনুপাতে সমানভাবে বরাদ্দের আওতায় আনার দাবি জানানো হয়।

NewsDetails_03

বক্তারা বলেন, সংবিধানের সাম্যের নীতির পরিপন্থী এই বরাদ্দ প্রক্রিয়া উদ্দেশ্যপ্রণোদিত এবং পক্ষপাতদুষ্ট।

বিক্ষোভে পাহাড়ের সকল জাতিগোষ্ঠীর পক্ষ থেকে দাবি জানানো হয়: বৈষম্যমূলক চাকমা বরাদ্দ অবিলম্বে বাতিল। বান্দরবানসহ সকল জেলার জন্য ন্যায্য বরাদ্দ নিশ্চিত। সকল জাতিগোষ্ঠীর সমান অংশগ্রহণ নিশ্চিত। একাধিকবার বরাদ্দ প্রদানের অনৈতিক প্রবণতা বন্ধ। জনসংখ্যা ও প্রকৃত প্রয়োজনের ভিত্তিতে বরাদ্দ প্রদান। উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটে সংবিধানবিরোধী শব্দ ব্যবহার বন্ধ। অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি বন্ধে কঠোর নির্দেশনা।

বিক্ষুব্ধ ছাত্র-জনতা সরকারের প্রতি হুঁশিয়ারি জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রাম কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর সম্পত্তি নয়, বরাদ্দের নামে পক্ষপাতমূলক আচরণ মেনে নেওয়া হবে না। বৈষম্যমূলক বাজেট সংশোধন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

আরও পড়ুন