জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাঙামাটি পার্বত্য জেলা শাখা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দাবি করছে যে, সুকুমার দেওয়ানসহ ৫০ জন ব্যক্তি এনসিপির সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেছেন—যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
আজ বুধবার (২১জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব এম শোয়াইব জানায়, বিএনপিতে যোগদানের অভিযোগে সুকুমার দেওয়ানকে গত ০৯ জানুয়ারি ২০২৬ তারিখে শোকজ করা হয়। পরবর্তীতে তার সন্তোষজনক জবাব না পাওয়ায় ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে তাকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাদের ‘৫০ জন এনসিপি সদস্য’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে, তারা কেউই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কোনো স্তরের সদস্য নন এবং কখনোই দলের কোনো পদ-পদবি বা সাংগঠনিক দায়িত্বে ছিলেন না।

এনসিপির অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিভিন্ন গণমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাঙামাটি পার্বত্য জেলা শাখা এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকল গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে দলটির সাংগঠনিক শৃঙ্খলা ও সম্মান রক্ষার্থে গণমাধ্যমের মাধ্যমে নিজেদের সুস্পষ্ট অবস্থান তুলে ধরা হচ্ছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



