রাঙামাটিতে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র ও অনুদান বিতরণ
রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র এবং দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি আবাসিক হোস্টেলের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।
রাঙামাটি রিজিয়ন ও সদর জোনের আয়োজনে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আজ রোববার সকালে চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শীতবস্ত্র ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক।
এসময় রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, স্থানীয় ইউপি সদস্য মন্টু চাকমা, অমর বিন্দু চাকমা, পূর্ণধন চাকমা, শিবমনি চাকমা, চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী মোহন চাকমা ও হারাঙী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ রতন চাকমা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সেনাবাহিনী পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এখানে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের আর্ত-সামাজিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, পাহাড়ে সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যাহত করা এবং সাধারণ মানুষের উন্নয়নকে পিছিয়ে দিচ্ছে কিছু আঞ্চলিক সশস্ত্র সংগঠন। তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রায় ২০০’র অধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া দুটি স্কুল ও একটি আবাসিক হোস্টেলের শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন প্রধান অতিথি।



