রাঙামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
নানান অনিয়ম অভিযোগের ভিত্তিতে রাঙামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিভিন্ন নথি পর্যালোচনা করা হয় এবং প্রাথমিক ভাবে অভিযোগের সত্যতাও পাওয়া যায়। এসময় আইমাছড়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়, কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত ছিলেন না। অন্যদিকে ভূষণছড়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রেও নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায় এবং তারও প্রাথমিক সত্যতা মেলে।
দুদক সূত্রে জানা যায়, কর্মকর্তাদের নিয়মিত অফিসে অনুপস্থিত থাকা, ওষুধ সরবরাহে অনিয়ম এবং স্বাস্থ্যসেবা থেকে স্থানীয় জনগণকে বঞ্চিত করার অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
দুদকের সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং এতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। একটি স্বাস্থ্য কেন্দ্র বন্ধ অবস্থায় পাওয়া গেছে। তদন্তে প্রাপ্ত নথিপত্র যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।



