রাঙামা‌টির ২০ দুর্গম ভোট কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামা‌টি পার্বত্য জেলার দুর্গম ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী পরিবহনে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার মোট ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন ও দুর্গম ২০টি কেন্দ্রে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এসব ভোটকেন্দ্রের অধিকাংশ এলাকায় সড়ক কিংবা নৌপথে স্বাভাবিক যাতায়াত সম্ভব নয়। অনেক কেন্দ্র মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকায় ভোটগ্রহণ শেষে ফলাফল সংগ্রহ ও প্রেরণে বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে।

নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, রাঙামা‌টি পার্বত্য জেলার ১০টি উপজেলার ২টি পৌরসভা ও ৫০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৪১০ জন, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন।

NewsDetails_03

উপজেলাভিত্তিক ভোটকেন্দ্রের সংখ্যা অনুযায়ী বাঘাইছড়িতে পৌরসভাসহ ৩৯টি, লংগদুতে ২২টি, নানিয়ারচরে ১৪টি, বরকলে ১৭টি, জুরাছড়িতে ১৩টি, রাঙামা‌টি সদরে পৌরসভাসহ ৪১টি, কাউখালীতে ২০টি, কাপ্তাইয়ে ২২টি, রাজস্থলীতে ১২টি এবং বিলাইছড়িতে ১৩টি ভোটকেন্দ্র রয়েছে।

২০টি হেলিসর্টি ভোটকেন্দ্রের মধ্যে দেশের আয়তনে বৃহত্তম উপজেলা বাঘাইছড়িতে রয়েছে ৬টি, বরকলে ২টি, জুরাছড়িতে ৭টি এবং বিলাইছড়িতে ৫টি ভোটকেন্দ্র।

রাঙামা‌টির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বলেন, গতবারের তুলনায় এবার হেলিসর্টি ভোটকেন্দ্রের সংখ্যা বেড়েছে। দুর্গম এসব কেন্দ্রে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনি সরঞ্জাম ও সংশ্লিষ্ট জনবল হেলিকপ্টারের মাধ্যমে আনা-নেওয়া করা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন