রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠান
রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
আজ সোমবার (২৮ অক্টোবর) লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীরা বরণ করে নেয়।
এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাসে।

লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মহাসিন কবির এর সভাপতিত্বে,নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও রাঙামাটি রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।
এসময় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে সহ-সভাপতি ও রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী,পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সমন্বয়কারী, সমন্বয়কারী এবং পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধিগণ, শিক্ষকবৃন্দ ও একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।এরপর মানপত্র পাঠ, শিক্ষার্থীদের বক্তব্য এবং মনোজ্ঞ সাংস্কৃতিক নানা আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে অডিটোরিয়াম প্রাঙ্গণ।
প্রধান অতিথি রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,”পড়াশোনার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কলেজ জীবনের দুইটি বছর কাজে লাগিয়ে সফলতার শীর্ষে পৌঁছাতে হবে এবং মানুষের জীবনে কঠোর পরিশ্রম, সততা, সত্যবাদিতা, দেশপ্রেম নিয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে।”



