রাঙ্গামাটিতে বাজার ফান্ডে ভূমি রেজিস্ট্রি–ঋণ চালুর দাবি

৪৮ ঘণ্টার আল্টিমেটাম

রাঙ্গামাটিতে বাজার ফান্ড এলাকায় দীর্ঘ ছয় বছর ধরে বন্ধ থাকা ভূমি হস্তান্তর, বন্ধকি দলিল রেজিস্ট্রি ও ব্যাংক ঋণ কার্যক্রম অবিলম্বে পুনঃচালুর দাবি জানিয়েছে রাঙ্গামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব কার্যক্রম চালু না হলে শাটডাউন, হরতাল ও অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বনরূপার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবির কথা জানান কমিটির নেতারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বাজার ফান্ড এলাকাগুলোতে বছরের পর বছর প্রশাসনিক জটিলতায় রেজিস্ট্রি ও ঋণ কার্যক্রম বন্ধ রয়েছে। এতে কোনো ধরনের সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও ব্যবসায়ীরা ব্যাংক ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাজার ফান্ডের জমি মর্টগেজ করতে না পারায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা হুমকির মুখে পড়েছে। ব্যবসার পরিধি ছোট হয়ে আসছে, নতুন উদ্যোক্তা তৈরি বাধাগ্রস্ত হচ্ছে, বাড়ছে বেকারত্ব। একই সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোও বড় অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

NewsDetails_03

বক্তারা অভিযোগ করেন, অঘোষিত নিষেধাজ্ঞার কারণে পাহাড়ের বাজার ফান্ড এলাকায় ব্যবসার পরিবেশ ভেঙে পড়েছে। মূলধন সংকটে অনেকে ব্যবসা গুটিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এতে স্থানীয় অর্থব্যবস্থা চরম দুরবস্থার মধ্যে পড়েছে।

সংবাদ সম্মেলনে ২০১৭ সালে রাঙ্গামাটির তৎকালীন জেলা প্রশাসকের সিদ্ধান্তে প্রথমবার বাজার ফান্ড এলাকার মিউটেশন মামলা স্থগিত হওয়ার ঘটনার কথা উল্লেখ করা হয়। পরে তা সাময়িকভাবে চালু হলেও ২০১৯ সালে আবার রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ হয়ে যায়। নেতারা বলেন, বাজার ফান্ড–অধিভুক্ত নাগরিকদের সাংবিধানিক সম্পত্তির অধিকার দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত হচ্ছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির। উপস্থিত ছিলেন এসময় সংগঠনটির যুগ্ন আহবায়ক মুজিবুল হক মুজিব, আব্দুল কুদ্দুছ, দুপ্রক’র সাবেক সভাপতি ওমর ফারুক, রাঙ্গামাটি চেম্বারের অব কমা‌র্সের পরিচালক দীল বাহাদুর রায়, জহির উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সিরাজুল মোস্তফা, অটোরিকসা চালক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম, কাঠ ব্যবসায়ী সমিতির নেতা লোকমান হোসেন, করাতকল সমিতির সভাপতি মমতাজ মিয়া, ট্রাক চালক সমিতির সভাপতি হাসমত উল্লাহ,তবলছড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল করিম, বনরুপা ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন, ব্যবসায়ী নেতা কামাল হোসেন,বরুন রায়সহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটির দাবি, ৪৮ ঘণ্টার মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রেজিস্ট্রি ও ঋণ কার্যক্রম চালু করা হোক; অন্যথায় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে তারা।

আরও পড়ুন