লামায় আগাপে’র সেন্টার প্রজেক্ট ব্যবস্থাপকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের বেসরকারী সংস্থা আকিরাম পাড়া বিডি ৫২৩ সেন্টার প্রজেক্ট ব্যবস্থাপকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। প্রজেক্টের ৭২জন উপকারভোগীর অভিভাবক এ অভিযোগ তুলেন। প্রজেক্টের কার্যক্রমে অনিয়ম দুর্নীতির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদনও করেন উপকারভোগীর অভিভাবক।

অভিযোগে জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া ধর্ম বর্ন নির্বিশেষে সকল সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে ২০১৩ সাল থেকে উপজেলার গজালিয়া ইউনিয়নের আকিরাম পাড়ায় বেসরকারী সংস্থা আগাপে’র অধীনে বিডি ৫২৩ সেন্টার কার্যক্রম শুরু করে। এতে উপজেলার সাড়ে তিনশ গরীব উপকারভোগী শিশুকে রেজিষ্ট্রেশন ভুক্ত করা হয়। এসব উপকারভোগীদের জীবন যাত্রার মান উন্নয়নে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, জন্ম দিন পালন ও উপহার সহ বিভিন্ন খাতে আর্থিক অনুদান প্রদান করে আসছে সংস্থাটি। কিন্তু ২০২৪ সালের প্রথম দিকে ব্যবস্থাপক ইটেন ত্রিপুরা সেন্টারে যোগদানের পর থেকে এসব খাতের উপকরণ অর্থ ও উপহার যথাযথভাবে প্রদান না করে অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তিনি সংস্থার বান্দরবান কেন্দ্রীয় পরিচালক ও কর্মকর্তার যোগসাজসে অত্যন্ত সুকৌশলে ভূয়া বিল ভাউচার সহ স্বাক্ষর জাল করে গত এক বছরে প্রায় ১০-১২ লাখ টাকা আত্মসাৎ করেন। যা তদন্তকালে সত্যতা মিলবে।

এছাড়া প্রকল্পের বিভিন্ন উন্নয়ন ও সমিতির কথা বলে অর্থ আদায় করেন উপকারভোগীদের কাছ থেকে। এসব উপকারভোগীরা দীর্ঘদিন ধরে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অধিকার আদায়ে কথা বললে এ ব্যবস্থাপকের হাতে উপকারভোগীদেরকে হয়রানির শিকার হতে হয়েছে। শুধু তায় নয়, সেন্টারে হিসাব রক্ষক নিয়োগের ক্ষেত্রেও সকল সম্প্রদায়, দক্ষ ও যোগ্য প্রার্থীকে বিবেচনার কথা থাকলেও, তাদের নিকট আতœীয় অন্য সেন্টারে অনিয়ম কর্মকান্ডের সাথে জড়িত বিতর্কিত প্রশান্ত ত্রিপুরাকে নিয়োগ দেন ব্যাবস্থাপক ইটেন ত্রিপুরা।

NewsDetails_03

এ বিষয়ে অভিভাবক সাখঁল ত্রিপুর ও রিংথায়া ত্রিপুরা বলেন, ইটেন ত্রিপুরা সেন্টারের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা যথাযথভাবে প্রাপ্য পাচ্ছিনা। তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করে প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন। আমরা এর প্রতিকার চেয়ে গত ৪ জানুয়ারী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেছি। তারা আরও জানান, সেন্টার কমিটিতে সকল সম্প্রদায়ের লোকজন রাখার কথা থাকলেও, তিনি এ কমিটিতে শুধু নিজের আত্মীয় স্বজনকে রেখেছেন। এতে করে প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি প্রকাশ পায় না। একই কথা জানালেন আকিরাম পাড়া চার্চের পুরোহিত নেলসন ম্যান্ডেলা। তিনি বলেন, এসব অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে প্রজেক্টের লক্ষ্য উদ্দেশ্য ভেস্তে যাবে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আকিরাম পাড়া বিডি ৫২৩ সেন্টারের ব্যবস্থাপক ইটেন ত্রিপুুরা জানান, যথাযথ ভাবে উপকারভোগীদের মাঝে উপকরণ, অর্থ ও উপহার প্রদান করা হয়েছে। এতে কোন অনিয়ম দুর্নীতি করা হয়নি। একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করছেন মাত্র।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রুপায়ন দেব বলেন, আকিরাম পাড়া বিডি সেন্টার ব্যবস্থাপকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে প্রজেক্ট ব্যবস্থাপকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন