বান্দরবানের লামার আজিজনগর ইউনিয়নে পারিবারিক বিরোধ মীমাংসার জন্য ডাকা বৈঠকের আগেই ছুরিকাঘাতে আব্দুর রহমান (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন।
গত সোমবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্বচাম্বী আমতলী মুসলিম পাড়ায় শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ওই এলাকার মৃত মজু মিয়ার ছেলে। তিনি চার ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার ফিরোজ চেয়ারম্যান বাড়ির মো. কামাল ওরফে বদ-এর তিন ছেলে মো. সোহেল মিয়া (২৩), মো. রিয়াজ উদ্দিন (২২), মো. জাহেদ (৩০) এবং কামালের স্ত্রী হালিমা বেগম (৫০)।
স্থানীয় সূত্র ও ইউপি সদস্য ছৈয়দুর রহমান জানান, নিহত আব্দুর রহমানের বড় ভাই আব্দুর শুক্কুরের সঙ্গে তার স্ত্রী মিনুয়ারা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার রাতে আজিজ মেম্বারের দোকানের সামনে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়।
তবে বৈঠক শুরুর আগেই মিনুয়ারার তিন ভাই আব্দুর রহমানের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনজন মিলে তাকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।



