সড়কে ধানের চারা রোপন করে ঢাকা-রামগড় সড়ক সংস্কারের দাবি
খাগড়াছড়ির রামগড় সড়কে ধানের চারা রোপন ও মানববন্ধন করে ঢাকা-রামগড় সড়ক সংস্কারের দাবিতে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-রামগড়-খাগড়াছড়ি সড়কের রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সমানে উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে এলাকাবাসী খানাখন্দভরা সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান।
টানা বর্ষা, অতিরিক্ত মাল বোঝাই ভারী যানবাহন চলাচল ও দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের সোনাইপুল হতে রামগড় বাজার পর্যন্ত তিন কিলোমিটার সড়ক খানাখন্দরে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে চলাচল অনুপযোগী হয়ে যায়। প্রতিদিন দুর্ঘটনার স্বীকার হচ্ছেন স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রী ও পথচারীরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সড়কটির বেহাল দশা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি। প্রশাসন আশ্বাস দিলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়ে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে এই প্রতিবাদের পথ বেছে নিয়েছেন।
মানববন্ধনে সাবেক পৌর কাউন্সিলর ও সমাজসেবক মহিউদ্দিন হারুন বলেন, সড়কটিতে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। ভাঙা সড়কটির দুই দিকে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে আগামীতে রামগড়বাসী আরো কঠিন কর্মসূচি দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এ ব্যাপারে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রামগড় পৌর প্রশাসক কাজী শামীম জানান, সড়কটি সংস্কারের জন্য তিনি সড়ক ও জনপদ একাধিকবার চিঠি দিয়েছেন। সর্বশেষ গত রবিবার সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলীকে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ করার জন্য বলেন।
তিনি আরো জানান, সোমবার সড়কের জনপদ বিভাগের পক্ষ থেকে রাস্তার ঐ অংশে জরুরী সংস্কার কাজ করা হয়।



