সন্ত্রাসীদের গ্রেফতার না হলে রাজপথ ছাড়বো না : দীপেন দেওয়ান
রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশে পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতা চালানো হচ্ছে, এই অভিযোগ তুলে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি জেলা বিএনপি।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলের নেতৃত্ব দেন রাঙামাটি-২৯৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দীপেন দেওয়ান অভিযোগ করে বলেন, দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই ঢাকা ও চট্টগ্রামে দুইজন সংসদ সদস্য প্রার্থীর ওপর পরিকল্পিত গুলি চালানো হয়েছে।

তিনি আরও বলেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি রাষ্ট্রীয় মদদে সৃষ্ট সন্ত্রাস। অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
দেশের সার্বভৌমত্ব প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মানচিত্র ও স্বাধীনতা আজ হুমকির মুখে। এই চক্রান্ত রুখে দিতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, সশস্ত্র হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা এক চুলও পিছু হটবো না।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনসহ নেতারা বলেন, দেশে বিরোধী রাজনৈতিক কণ্ঠ রোধে পরিকল্পিত সহিংসতা চালানো হচ্ছে এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।



