সুপ্রদীপ চাকমার আদিবাসী স্বীকৃতি দাবির প্রতিবাদে খাগড়াছড়িতে নাগরিক পরিষদের মানববন্ধন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার আদিবাসী স্বীকৃতি দাবি ও ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০’ সংশোধনপূর্বক ‘জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ’ প্রণয়নের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
আজ সোমবার (৩০ জুন) সকালে খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি লোকমান হোসেন।

বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশে কোনো আদিবাসী নেই। সুপ্রদীপ চাকমার মতো একজন দায়িত্বশীল উপদেষ্টা যখন রাষ্ট্রবিরোধী আদিবাসী তত্ত্বকে উৎসাহিত করেন, তখন সেটি রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়ায়।
তারা আরও বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক প্রচলিত আইনকে বাতিল করে নতুন করে ‘জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ’ প্রণয়নের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
মানববন্ধনে নাগরিক পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



