কুমিল্লা জেলার লাকসাম থানায় অবস্থিত জ্যোতিপাল মহাথেরো বৌদ্ধ অনাথ আশ্রম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র উহাইমং মারমা (১৪) গত ২৪ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও সে এখনো নিজ বাড়িতে পৌঁছায়নি, যা পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।
নিখোঁজ উহাইমং মারমা বান্দরবান জেলার থানচি উপজেলার নাইন্দারী পাড়া গ্রামের বাসিন্দা চশৈখয় মারমা এর বড় সন্তান।
নিখোঁজ সন্তানের পিতা চশৈখয় মারমা সাংবাদিকদের জানান, সে ২০২৪ সালে সপ্তম ও ২০২৫ সালে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছিল এবং পড়াশোনার সুবাদে অনাথ আশ্রমে বসবাস করত। সে গত ২৪ নভেম্বর রাতে উহাইমং মারমা ট্রেনে চট্টগ্রাম হয়ে নিজ বাড়ি ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু আজ ১৩ ডিসেম্বর পর্যন্ত সে বাড়িতে পৌঁছায়নি এবং তার কোনো খোঁজও পাওয়া যায়নি।
নিখোঁজের পর থেকে পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নেওয়া হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার মানসিক ভাবে ভেঙে পড়েছে এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেছে।

এ বিষয়ে থানচি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য গেলে ওসি লাকসাম থানায় জিডি করার পরামর্শ দিয়েছেন। তার পিতার আর্থিক সংকট ও লাকসাম অপরিচিত হওয়ার কারনে লাকসাম থানায় জিডি করা সম্ভব হচ্ছে না।
জ্যোতিপাল মহাথেরো বৌদ্ধ অনাথ আশ্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এই ছাত্র অনাথ আশ্রমে থাকেন তার সম্পর্কে আশ্রমের শিক্ষকরা জানবে।
এই বিষয়ে অনাথ আশ্রমের শিক্ষক মংসিংনু মারমা বলেন, সে আমাদের না জানিয়ে কয়েকজন সহপাঠিকে নিয়ে গত ২৪ ডিসেম্বর রাতে রেলওয়ে স্টেশনে গেছে, সেখান থেকে বান্দরবানের তার ভাবীর বাড়ীতে থাকবে বলে আমাকে তার সহপাঠিরা জানিয়েছে।
উহাইমং মারমার সন্ধান পেতে পরিবারের পক্ষে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। উহাইমং মারমা সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।



