হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর প্রতিবাদে রাঙামাটির কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হতে উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি কাপ্তাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ মোঃ রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা।

এই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. মোঃ রহমত উল্লাহ বলেন, ওসমান হাদীর ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিরোধী কণ্ঠ রোধ করা যাবে না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, রাজনৈতিক ভিন্নমত দমনে পরিকল্পিত হামলার রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, তবে এ ধরনের নৃশংস হামলার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো।
এতে আরও উপস্থিত ছিলেন ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন কন্ট্রাক্টর, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুর রহমান, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



