থানচিতে নারী ফুটবলারদের সংবর্ধনা, পাহাড়জুড়ে উৎসবের আমেজ

বান্দরবানের থানচি উপজেলায় চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি চলছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য সাচিংপ্রু জেরীর প্রথম থানচি সফরকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। অনুষ্ঠান ঘিরে পাহাড়জুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলিপাড়া ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় থানচি উপজেলা মিনি স্টেডিয়ামে ৩৮ বিজিবি (বলিপাড়া ব্যাটালিয়ন)-এর উদ্যোগে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিংপ্রু জেরীর উপস্থিত থাকার সম্মতি রয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

NewsDetails_03

বান্দরবান জেলাভিত্তিক সম্প্রীতি ও উন্নয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে থানচি মহিলা ফুটবল দল। পাহাড়ের ক্রীড়াঙ্গনে এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ দলের কৃতী নারী ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে।

৩৮ ব্যাটালিয়ানের সহাকারী পরিচালক মেজর মো: জাকির হোসেন জানান, অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে থানচি ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, থানচির নারী ফুটবলারদের এ অর্জন শুধু দলের নয়, পুরো এলাকার গৌরব। তাঁদের সাফল্য পাহাড়ের নারী সমাজের সাহস, আত্মবিশ্বাস ও ক্রীড়াপ্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত। এ সংবর্ধনা নতুন প্রজন্মের মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতেও ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।

অনুষ্ঠানকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদারের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন ঘিরে থানচি উপজেলা মিনি স্টেডিয়াম পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলনমেলায় পরিণত হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

আরও পড়ুন