টানা বর্ষণে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। দুর্যোগে আশ্রয়কেন্দ্রে থাকা প্রায় ৭০ জন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাহিনীটি।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে কাপ্তাই জোনের দায়িত্বপূর্ণ এলাকার কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ ও সংলগ্ন মিনি স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে এ ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস উপস্থিত থেকে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত প্রত্যেকের হাতে খেজুর, চিড়া, মুড়ি, ব্রেড, বিস্কুট, বিশুদ্ধ পানি, চিনি ও ওরস্যালাইন তুলে দেন।
জানা যায়, চলমান ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে গত ৭ জুলাই এলাকায় পাহাড়ধসের ঘটনায় দুই শিশু আহত হয়। এরপর স্থানীয় প্রশাসন আহত দুই শিশুর পরিবারসহ পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী প্রায় ৭০ জনকে নিরাপদে সরিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের খাদ্যের ব্যবস্থা করা হলেও মানবিক বিবেচনায় এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৪১ বিজিবি অতিরিক্ত ত্রাণ সহায়তা প্রদান করে।
ত্রাণ বিতরণকালে জোন অধিনায়ক বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা সংকটময় পরিস্থিতিতে বিজিবি সবসময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।


