শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বান্দরবানে প্রস্তুুতিমুলক সভা
বান্দরবান পার্বত্য জেলায় সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ অক্টোবর (বুধবার) বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। আর সভায় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে জেলা ও উপজেলার শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত থেকে বিভিন্ন গুরত্বপূর্ণ আলোচনা করেন।
প্রস্তুুতিমূলক সভায় সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস। এসময় পুলিশ সুপার মো.ওহাবুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, বান্দরবান সেনা রিজিয়নের মেজর পারভেজ রহমান, জেলা আনসার কমান্ড্যান্ট অরুপ রতন পাল, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক রিটল কান্তি বিশ্বাস, বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন দাশসহ বান্দরবানের ৭ উপজেলার শারদীয় দুর্গা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় দুর্গাপূজা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক প্রস্তুুতি নিয়ে বিষদ আলোচনা করেন জেলা প্রশাসক। এসময় জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস সুষ্ঠ ও সুন্দরভাবে এবারের দুর্গাপূজা উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা এবং নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন। সভায় জেলা প্রশাসক সরকারী নিদের্শনা মেনে পুজা উদপানের জন্য সকল শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের প্রতি আহবান জানান এবং সকল ধরণের গুজব থেকে সচেতন থাকা, পুজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করা এবং সার্বিক নিরাপত্তায় প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং দশমীর দিনে বিকেল পাঁচটার আগেই সকল প্রতিমা সুন্দরভাবে বির্সজন করার আহবান জানান।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজামন্ডপের জন্য অনুদান, বিভিন্ন গুরুত্বপূর্ণ নম্বর সম্বলিত প্লেকার্ড, পূজামন্ডপের নিরাপত্তায় একটি করে অগ্নিনির্বাপক যন্ত্র ও পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ডাস্টবিন প্রদান করা হয়।
প্রসঙ্গত: আগামী ১৬ই অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, আর এবারে বান্দরবানের ৭টি উপজেলার ৩৩টি পূজামন্ডপে জাকজঁমক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।



