রামগড়ে দেশীয় পিস্তল ও গুলিসহ বৃদ্ধ আটক

খাগড়াছড়ির রামগড়ে বিশেষ সেনা অভিযানে দেশীয় তৈরি পিস্তল ও তাজা গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার শ্মশানটিলা এলাকার নিজবাড়ি থেকে তাঁকে আটক করে সিন্ধুকছড়ি জোন (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) সেনাবাহিনীর একটি অভিযানিক দল।

​অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্মশানটিলা এলাকায় সাগর দেবনাথের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর বাড়ি থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

​আটক সাগর দেবনাথ (৬১) শ্মশানটিলা এলাকার জদু দেবনাথের ছেলে। তিনি রামগড় বাজারের একজন ক্ষুদ্র কসমেটিকস ব্যবসায়ী। স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, তিনি চোরাইপথে ভারত থেকে কসমেটিকস পণ্য এনে রামগড়ে বিক্রি করতেন।

​পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটক ব্যক্তিকে রামগড় থানায় হস্তান্তর করা হয় এবং তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

​রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, যৌথ অভিযানে সাগর দেবনাথকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং অবৈধ অস্ত্র সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে

আরও পড়ুন