খাগড়াছড়িতে সমাজসেবা ও ভূমি অফিসে রহস্যজনক অগ্নিকাণ্ড
গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই
খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এবং ভূমি অফিসে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভূমি অফিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং সমাজসেবা কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন দামি সরঞ্জাম পুড়ে গেছে।
গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলা পরিষদের এই কার্যালয় দুটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, “মধ্যরাতে দুর্বৃত্তরা অফিসের পেছনের কাচের জানালা ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে কেরোসিনের বোতল পড়ে থাকতে দেখা গেছে। আগুনে একটি প্রিন্টারসহ বিভিন্ন দাপ্তরিক সরঞ্জাম পুড়ে গেছে। পাশাপাশি ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্রও ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফারিয়া বলেন, “কীভাবে ও কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র ধ্বংস করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই আগুন দেওয়া হয়েছে। তবে এটিকে এখনই কোনো রাজনৈতিক নাশকতা হিসেবে মনে হচ্ছে না।”
পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন ঘটনাটির নেপথ্য রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।



