কাপ্তাইয়ে নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকচিত্র প্রদর্শনী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাঙামাটির কাপ্তাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙামাটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

NewsDetails_03

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম নতুন প্রজন্মকে সৃজনশীল হতে শেখায়। তাঁর কবিতা, গান ও সাহিত্য মানুষের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করে। নজরুলের জীবন ও আদর্শ সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নজরুলের সাহিত্য ও সংগীতচর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙামাটির পরিচালক সংযুক্তা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।
বাচিক শিল্পী মুন চাকমার সঞ্চালনায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্ত এবং শেখর মল্লিকের পরিচালনায় অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙামাটি এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এদিকে, অনুষ্ঠান উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনধারা, ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যময় পোশাকের নানা আলোকচিত্র স্থান পায়।

আয়োজকদের এ উদ্যোগের মধ্য দিয়ে একদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিকর্মকে স্মরণ করা হয়, অন্যদিকে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যময় জীবনধারা তুলে ধরা হয়।

আরও পড়ুন