কাপ্তাইয়ে এনএসআই সদস্য পরিচয়ে চাঁদা আদায়কারী আটক

রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে দীর্ঘ চার মাস ধরে মাসিক ১০ হাজার টাকা করে চাঁদা আদায়ের অভিযোগে মোহাম্মদ সাইদুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাইখালী বাজার এলাকায় মেসার্স কাজী রাসেল এন্ড ব্রাদার্স নামের একটি দোকানে পুনরায় টাকা নিতে গেলে তাকে আটক করা হয়।

NewsDetails_03

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তি নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে গত চার মাস ধরে ওই দোকান থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে আদায় করে আসছিলেন। মঙ্গলবার পুনরায় টাকা নিতে গেলে দোকানমালিকের সন্দেহ হয়। পরে তিনি চন্দ্রঘোনা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাচাই-বাছাই করে ওই ব্যক্তিকে ভুয়া এনএসআই সদস্য হিসেবে শনাক্ত করে আটক করে থানায় নিয়ে যায়।

আটক সাইদুর রহমানের পিতার নাম মোহাম্মদ বাদশা মিয়া এবং মাতার নাম মোছা. ছকিনা বেগম। তার বর্তমান ঠিকানা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোজারহাট এবং স্থায়ী ঠিকানা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মানিকছড়ি মুসলিমপাড়া।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন