প্রযুক্তির সহায়তায় হারানো ৫১ মোবাইল উদ্ধার করল রাঙামাটি পুলিশ

তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে রাঙামাটি জেলা পুলিশ। জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের বিশেষ তৎপরতায় উদ্ধার হওয়া এসব মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা ৫১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালায় সাইবার ক্রাইম মনিটরিং সেল। ধারাবাহিক প্রচেষ্টায় দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করা হয়।

NewsDetails_03

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ভুক্তভোগীরা। তারা পুলিশ সুপারসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া জেলা পুলিশের জনসেবামূলক কার্যক্রমেরই অংশ। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অপরাধ শনাক্তকরণ, সাইবার অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধারে পুলিশ নিরলসভাবে কাজ করছে। এ ধরনের জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এইচ.এম. মাহমুদসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যরা।

জেলা পুলিশ জানিয়েছে, জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ থেকে প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আরও পড়ুন