বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেছে বিদায়ী কমিটির সদস্যরা। আজ বুধবার (৪ নভেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান।

এসময় বান্দরবান প্রেসক্লাবের বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু নব নির্বাচিত সভাপতি মো. নাছিরুল আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে বিদায়ী সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী নব নির্বাচিত সাধারণ সম্পাদক এন এ জাকিরের কাছে দায়িত্বভার তুলে দেন।

এছাড়া সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ পদেও দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

NewsDetails_03

নবনির্বাচিত সভাপতি নাছিরুল আলম বলেন, বান্দরবান প্রেসক্লাবের ঐতিহ্য ও মর্যাদা অক্ষুন্ন রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করতে চাই। সাংবাদিকদের অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বস্তুুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় নতুন কমিটি ভূমিকা রাখবে। প্রেসক্লাবের সব সদস্যকে সঙ্গে নিয়ে সংগঠনের উন্নয়ন ও ঐক্য ধরে রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বিদায়ী সভাপতি মো.আমিনুল ইসলাম বাচ্চু বক্তব্য রাখতে গিয়ে দীর্ঘদিন বান্দরবান প্রেসক্লাবের দায়িত্ব পালনকালে যাদের সহযোগিতা পেয়েছেন তাদের স্মরণ করেন এবং সকলের সহযোগীতা নিয়ে আগামীতে বান্দরবান প্রেসক্লাবকে আরো এগিয়ে নিতে নতুন কমিটিকে জোরালোভাবে কাজ করার আহবান জানান।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয় বান্দরবান প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আর এবারের নির্বাচনে সভাপতি পদে নাছিরুল আলম, সহ সভাপতি পদে মোজাম্মেল হক লিটন, সাধারণ সম্পাদক পদে এন এ জাকির, যুগ্ম সম্পাদক পদে রিজভী রাহাত এবং কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ইসহাক নির্বাচিত হয়।

আরও পড়ুন