কাপ্তাইয়ে অসহায় ব্যক্তিকে সেলাই মেশিন দিল ৪১ বিজিবি
মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাইয়ে এক অসহায় ব্যক্তিকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিতে সেলাই মেশিন দিয়েছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি), ওয়াগ্গাছড়া জোন।
গত রোববার (১ নভেম্বর) ব্যাটালিয়নের ছোটকরদিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অসহায় ব্যক্তি অনিমোহন চাকমার হাতে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো একটি সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
সেলাই মেশিনটি অনিমোহন চাকমার হাতে তুলে দেন ছোটকরদিয়া বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আলিম হিরন।

বিজিবির এ উদ্যোগের মাধ্যমে অনিমোহন চাকমার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করার প্রত্যাশা করা হচ্ছে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।



