রাঙামাটিতে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার মাত্র ৩১.৯৮ শতাংশ

রাঙামাটি জেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয়কর চিত্র দেখা গেছে। জেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫ হাজার ৩৫৯ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ১ হাজার ৭১৪ জন। এতে জেলায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১৫ জন।

আজ শ‌নিবার প্রকা‌শিত ফলাফল তালিকা অনুযায়ী, জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, কাপ্তাই। প্রতিষ্ঠানটির ১৭০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৫৯ জন। পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ।

অন্যদিকে রাঙামাটি সরকারি কলেজের ৮৮২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৩৮ জন। প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছেন ৭ জন। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৮৪ দশমিক ৮৮ শতাংশ।

তবে জেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল বেশ উদ্বেগজনক। রাঙামাটি সরকারি মহিলা কলেজের ৯১৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৬০ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ২৮ দশমিক ৩২ শতাংশ।

NewsDetails_03

এ ছাড়া নানিয়ারচর সরকারি কলেজে পাসের হার ৭ দশমিক ৭২ শতাংশ, কাচালং সরকারি কলেজে ৭ দশমিক ৮৫ শতাংশ এবং ঘাগড়া কলেজে মাত্র ৯ দশমিক ০৯ শতাংশ।

জেলার সামগ্রিক পাসের হার ৩২ শতাংশের নিচে নেমে আসা এবং জিপিএ-৫-এর সংখ্যা মাত্র ১৫ জনে সীমাবদ্ধ থাকা শিক্ষার মান নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

শিক্ষাসংশ্লিষ্টদের মতে, এ ফলাফল পর্যালোচনা করে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক দুর্বলতা চিহ্নিত করা জরুরি। পাশাপাশি পাঠদানের মানোন্নয়ন, নিয়মিত তদারকি, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং পিছিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

পার্বত্য জেলা রাঙামাটির শিক্ষার সামগ্রিক উন্নয়নে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন, প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকদের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

আরও পড়ুন