সড়ক দুর্ঘটনা কমাতে সম্মিলিত উদ্যোগ জরুরি : দীপেন দেওয়ান এমপি
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন রাঙামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান।
আজ বুধবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দীপেন দেওয়ান বলেন, ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, চালকদের দায়িত্বশীল আচরণ এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ নাজমা আশরাফির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভুইয়াসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া নিরাপদ সড়ক গড়ে তুলতে ট্রাফিক আইন প্রতিপালন, সচেতনতা বৃদ্ধি এবং সড়কে চলাচলের ক্ষেত্রে চালক ও পথচারীদের সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।



