রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে এ ঘটনার খবর জানা যায়। উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হরিমনি ত্রিপুরা ওই এলাকার ওমাইপ্রু ত্রিপুরার ছেলে।
নিহতের বড় ভাই জন ত্রিপুরা জানান, সোমবার পাহাড়ের ঝুমখেত থেকে ধান আনতে গিয়েছিলেন হরিমনি। এ সময় পাহাড়ের ওপর থেকে হঠাৎ একদল বন্য শূকর নেমে এসে তাঁকে আক্রমণ করে। আশপাশে কেউ না থাকায় তিনি পালানোর চেষ্টা করেন। কিন্তু শূকরের পাল থেকে রক্ষা পাননি তিনি। শূকরের আক্রমণে তাঁর শরীর গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় তাঁদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে জানান জন ত্রিপুরা। তিনি বলেন, মঙ্গলবার (২৭ অক্টোবর) মরদেহের সৎকার করা হবে। বিষয়টি ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরাকে জানানো হয়েছে।
ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এলাকায় নিয়ে আসার পর তাঁকে বিষয়টি জানান। দুর্গম এলাকায় ঘটনাটি ঘটায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানাকে অবহিত করা হয়েছে।



