কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার, আটক বোটমালিক

রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে পানির নিচে লুকিয়ে রাখা আরাফাত (১৮–১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শফিক নামে এক মাছ ধরার বোটমালিককে আটক করা হয়েছে।

গত শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বরকল উপজেলার ১ নম্বর শুভলং ইউনিয়নের জোড়াটিলা এলাকার হ্রদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, আটক শফিকের দেখানো স্থান থেকেই মরদেহটি উদ্ধার করা হয়েছে।

NewsDetails_03

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর রাত থেকে আরাফাত নিখোঁজ ছিলেন। তিনি শফিকের মাছ ধরার বোটে শ্রমিক হিসেবে কাজ করতেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু উপজেলার মহালছড়ি এলাকা থেকে শফিককে আটক করা হয়।

রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্দেহভাজন হিসেবে শফিককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে কাপ্তাই হ্রদে মাছ ধরার কাজে নিয়োজিত শ্রমিকদের প্রতিশ্রুত মজুরি না দেওয়া, আটকে রেখে কাজ করানো এবং নির্যাতনের অভিযোগ রয়েছে। তবে আরাফাতের মৃত্যুর সঙ্গে এসব অভিযোগের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তসাপেক্ষ।

আরও পড়ুন