কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে দেশ গড়তে হবে : কাপ্তাইয়ে প্রকৌশলী মাহমুদ হাসান
কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ জনশক্তি হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি মা-বাবার স্বপ্ন পূরণে সৎ ও যোগ্য মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়তেও নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের একযোগে কাজ করতে হবে।
আজ রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও অভিভাবক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্ট্রাক্টর মো. শোয়াইব উদ্দীন। স্বাগত বক্তব্য দেন অটোমোবাইল বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী রহমত উল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, দক্ষ কারিগর ও সৎ মানুষ হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। দেশ-বিদেশে কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ দেওয়ার পাশাপাশি মাদক ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। একটি সুন্দর ও উন্নত রাষ্ট্র গঠনে কারিগরি শিক্ষার গুরুত্বও তুলে ধরেন তাঁরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মুহাম্মদ তারেকুল ইসলাম এবং সিভিল উড বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ইকবাল হোসেন।
এর আগে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডুয়েট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পরে নবীন ও প্রবীণ শিক্ষার্থী এবং অভিভাবকেরা বক্তব্য দেন।
এ সময় ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ইনস্ট্রাক্টর, কর্মকর্তা-কর্মচারী, নবীন ও প্রবীণ শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।



