কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজে স্বাস্থ্য ক্যাম্প
সেবা পেলেন ১৫০ জন
রোগ শনাক্তকরণ, প্রাথমিক চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজে দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সী ১৫০ জন নারী-পুরুষ স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
স্বাস্থ্য ক্যাম্পে ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও ম্যালেরিয়া পরীক্ষা, যক্ষ্মা রোগ শনাক্তকরণে কফের নমুনা সংগ্রহ এবং জরায়ুমুখের ক্যানসার পরীক্ষা করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি এবং মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজের কনসালট্যান্ট মনজুরুল হক। এ ছাড়া মেডিকেল অফিসার, নার্স, নার্সিং কর্মকর্তা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, স্বাস্থ্য সহকারীসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা ক্যাম্পে দায়িত্ব পালন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, “একটি মডেল ভিলেজের অন্যতম লক্ষ্য মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়বে এবং প্রাথমিক পর্যায়ে বিভিন্ন রোগ শনাক্ত করা সম্ভব হবে। জনকল্যাণে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, “স্বাস্থ্যসেবা শুধু হাসপাতালকেন্দ্রিক না রেখে মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রোগের প্রাথমিক শনাক্তকরণ ও সচেতনতার মাধ্যমে অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব। মিতিঙ্গাছড়ি এসডিজি মডেল ভিলেজের এ স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে ১৫০ জনকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়েছে। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

