বান্দরবানে মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বান্দরবানে বৌদ্ধ ধর্মালম্বীদের মাসব্যাপী শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।
আজ ২৪ নভেম্বর (মঙ্গলবার) সকালে সমপানী দিনে বান্দরবানের রাজগুরু বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে রাজগুরু বৌদ্ধ বিহার প্রাঙ্গনে দানোত্তম এই শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ভোর ৫টায় বিশ্বশান্তি মঙ্গল কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ সম্পন্ন হয়। পরে সকলে সমবেত হয়ে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান ধর্মদেশনা গ্রহণ করেন। সবার শেষে উপাসক ও উপাসিকারা বৌদ্ধ ভিক্ষুদের হাতে চীবর দান করেন।
এসময় শুভ কঠিন চীবর দানোৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু। অনুষ্ঠানে বোমাং রাজা বোমাংগ্রী উ চ প্রু, পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য লুসাই মং সহ বিভিন্ন বিহারের বৌদ্ধ ভিক্ষু, বিহারের বিভিন্ন দায়ক-দায়িকা এবং বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল রাত থেকে বিহার প্রাঙ্গনে বিভিন্ন এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকারা উপস্থিত হয়ে তুলা থেকে সুতা বের করে এবং সেই সুতা দিয়ে রাতব্যাপী বিহার প্রাঙ্গনে তৈরি করে চীবর।
প্রসঙ্গত: বৌদ্ধ ভিক্ষুরা আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাসব্যাপী বর্ষাবাস পালন করেন, বর্ষাবাস শেষে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত বর্ষাবাস পালনকারী বিহারগুলোতে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। প্রতিবছর এই সময়টিতে বৌদ্ধ সম্প্রদায়ের উপাসক-উপাসিকারা ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আর দান, শীল ও ভাবনার মধ্য দিয়ে বৌদ্ধধর্মাবলম্বীরা এ মহাপুর্ণ্যময় আয়োজন পালন করে থাকেন।

