বান্দরবানে শ্রমিকদের কল্যাণে নতুন ট্যুরিস্ট জীপ চালু

বান্দরবানে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের কল্যাণে এবার একটি ট্যুরিস্ট জীপ চালু করা হয়েছে। এই ট্যুারিস্ট জীপ থেকে অর্জিত অর্থ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্যদের বিভিন্ন চিকিৎসা,যাবতীয় দুর্ঘটনা এবং মৃত্যু পরবর্তী তাদের পরিবারের সহায়তার জন্য ব্যয় করা হবে।

আজ শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে আধুনিকভাবে তৈরি এবং সুসজ্জিত এই ট্যুরিস্ট জীপ গাড়ীর উদ্বোধন করেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো.নাছিরুল আলম।

এসময় বান্দরবান জীপ পিকাপ মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো.নেজাম উদ্দিন,বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.নুরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মো.আলমগীর, সাংগঠনিক সম্পাদক মো.সাইফুল, কোষাধ্যক্ষ অমিত বড়ুয়া সহ বান্দরবান জীপ পিকাপ মালিক সমবায় সমিতির বিভিন্ন সদস্য এবং মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বিভিন্ন সদস্য,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.নুরুল ইসলাম বাচ্চু জানান, বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নে বর্তমানে কার্ডধারী এবং এর বাইরে মিলে প্রায় ৬০০ জন সদস্য চালক হিসেবে কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন ধরে এই চালকরা শ্রম দিয়ে আসলেও অর্থের ঘাটতির কারণে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তেমন কিছু সহায়তা দেয়া সম্ভব হয়নি আর তাই এবার নতুন ক্রয়কৃত এই ট্যুারিস্ট জীপ থেকে অর্জিত সকল অর্থ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রতিটি সদস্যদের বিভিন্ন চিকিৎসা, যাবতীয় দুর্ঘটনা এবং মৃত্যু পরবর্তী তাদের পরিবারের সহায়তার জন্য ব্যয় করা হবে। তিনি আরো জানান, শুধুমাত্র গাড়ীটি সংস্কার আর রক্ষণাবেক্ষণ ব্যয় বাদে যে অর্থ জমা হবে সেই অর্থ বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কল্যাণে ব্যয় করা হবে।

নতুন পর্যটকবাহী গাড়ীর উদ্বোধন করে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো.নাছিরুল আলম বলেন, বান্দরবানের প্রতিটি চালকই এক একজন দক্ষ গাইড। প্রতিদিনই দেশের নানান প্রান্ত থেকে অসংখ্য পর্যটক বান্দরবানে ভ্রমনে আসে, আর তাদের সেবা দিতে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রতিটি চালক প্রচুর শ্রম দিয়ে থাকে।

তিনি আরো বলেন, নতুন পর্যটকবাহী এই গাড়ীর অর্থ শ্রমিকদের জন্য ব্যয় হবে বিষয়টি অত্যন্ত প্রশংসনীয় এবং সমাজের প্রতিটি সমিতি এভাবে সকলের কল্যাণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিলে নিজেরা উপকৃত হবে এবং আমাদের দেশ আরো সুন্দরভাবে এগিয়ে যাবে।

আরও পড়ুন