বান্দরবানে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর ফলাফল প্রকাশ
বান্দরবানে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর ফলাফল প্রকাশ এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো.শাহাজাহান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজনীন সুলতানা।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান এর সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, জেলা সমাজ সেবা বিভাগের উপ পরিচালক মিলটন মহুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা এসময় উপস্থিত ছিলেন।
সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বান্দরবান জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো.শাহাজাহান।
সভায় বক্তারা বলেন,সময়ের বিবর্তনে দেশের কৃষি বহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত সঠিক পরিসংখ্যান প্রস্তুুতের লক্ষ্যে অর্থনৈতিক শুমারি পরিচালনা করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ‘পরিসংখ্যান আইন ২০১৩’ অনুযায়ী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের তত্বাবধানে প্রতি দশ বছর অন্তর এই শুমারি পরিচালিত হয়। জাতিসংঘ প্রণীত আন্তর্জাতিক গাইডলাইন অনুসরণ করে এই শুমারির তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রকাশ করা হয়।
এছাড়া জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো এবং কুটির শিল্প এই শ্রেণিতে বিন্যাস করা এই শুমারির অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর মালিকানা ও কাঠামো, লিগ্যাল স্ট্যাটাস, কর্মকান্ডের ধরন, উৎপাদিত পণ্য বা সেবার ধরন এবং কর্মসংস্থানের অবস্থাসহ বিভিন্ন মৌলিক তথ্য সংগ্রহ করা হয়।
বক্তারা আরো বলেন, স্বাধীনতার পর থেকে দেশে এখন পর্যন্ত মোট চারটি অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছে যার মধ্যে প্রথম শুমারি হয় ১৯৮৬ সালে, দ্বিতীয় শুমারি দুই ধাপে ২০০১ সালে গ্রামে এবং ২০০৩ সালে শহরে, তৃতীয় শুমারি হয় ২০১৩ সালে এবং সর্বশেষ ২০২৪ সালে চতুর্থ শুমারি করা হয়।
এসময় বক্তরা এই ধরণের শুমারীতে সকলকে সঠিক তথ্য প্রদানের আহবান জানান এবং এই শুমারীর মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থার পাশাপাশি কর্মসংস্থানের অবস্থাসহ বিভিন্ন মৌলিক তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন।

