নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ ও ১৭ দফা দাবি বাস্তবায়নের অনুরোধ জানিয়ে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানার কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনটির বান্দরবান জেলা শাখার সভাপতি রিপন চক্রবর্তী ও লামা উপজেলা শাখার সভাপতি মো. ফরিদুল আলম বাবলু প্রধানমন্ত্রী বরাবর লেখা স্মারকলিপিটি জেলা প্রশাসকের হাতে তুলে দেন। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়, সরকারের বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও মাঠপর্যায়ে নদীর পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যা, শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট, উজান থেকে অসময়ে পানি ছেড়ে দেওয়া, নদী দখল, অবৈধ বালু উত্তোলন, শিল্পবর্জ্য ও প্লাস্টিক ফেলা, নদীভাঙন এবং মৎস্যসম্পদ ধ্বংসের মতো ঘটনা অব্যাহত রয়েছে।
এ পরিস্থিতি মোকাবিলা এবং নদী রক্ষায় সরকারের নেওয়া উদ্যোগগুলো আরও কার্যকর করতে সংগঠনটির পক্ষ থেকে ১৭ দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. নদীসংশ্লিষ্ট যেকোনো প্রকল্প গ্রহণের আগে পানি উন্নয়ন বোর্ড, কৃষি, নৌপরিবহন, সড়ক ও জনপথ, জাতীয় নদী রক্ষা কমিশন, নদী গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটির মতামত বাধ্যতামূলক করা।
২. শিল্পকারখানায় ২৪ ঘণ্টা ইটিপি (বর্জ্য শোধনাগার) চালু রাখা এবং নদীতে বর্জ্য ফেলা বন্ধে কঠোর নজরদারি নিশ্চিত করা।
৩. জেলা পর্যায়ে স্থায়ী সার্ভে কমিটি গঠন করে প্রতি তিন মাস অন্তর নদীর পাড় সরেজমিনে পরিদর্শন, প্রতিবেদন প্রকাশ এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা।
৪. জেলা প্রশাসনের সমন্বয়ে পরিকল্পিতভাবে নদী খনন, ড্রেজিং এবং বালু-পলি অপসারণ।
৫. বিলুপ্ত ও ভরাট হয়ে যাওয়া নদী, খাল, পুকুর ও দীঘি পুনঃখনন করে সুপেয় পানির জলাধার তৈরি।
৬. হাওর ও পাহাড়ি অঞ্চলের নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ, নদীর মুখে নির্মিত প্রতিবন্ধক বাঁধ অপসারণ এবং মাছ ধরতে বিষ ও কারেন্ট জালের ব্যবহার বন্ধ করা।
৭. দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে স্থানীয় উপযোগী পদ্ধতিতে নদীভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ ও ঘূর্ণিপাক প্রতিরোধে বাঁধ নির্মাণ।
৮. নদী, খাল ও বিলে পোড়া মবিল, তেল, প্লাস্টিক বোতল, পলিথিন ও গৃহস্থালি বর্জ্য ফেলা বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা।
এ ছাড়া অপরিকল্পিত সেতু, কালভার্ট, ক্রসড্যাম, রাবার ড্যাম ও সুইস গেট অপসারণ করে নৌযান চলাচল উপযোগী সেতু নির্মাণ, নদীর তীরে হিজল, তমাল, গাব, বট ও শৈল্যাসহ দেশীয় জলজ ও উপযোগী বৃক্ষরোপণ, শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে দক্ষিণ এশীয় আঞ্চলিক নদী কমিশন গঠন এবং পাঠ্যপুস্তকে নদী রক্ষাবিষয়ক গল্প, কবিতা ও নাটক অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, নদী রক্ষা কোনো একটি সংগঠনের দাবি নয়, এটি দেশের কোটি মানুষের প্রাণের দাবি। পরিবেশবান্ধব উদ্যোগের ধারাবাহিকতায় ১৭ দফা দাবি বাস্তবায়িত হলে জেলার নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে।
জেলা প্রশাসক নাজনীন সুলতানা স্মারকলিপি গ্রহণ করে দাবিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে পাঠানোর আশ্বাস দিয়েছেন বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপির অনুলিপি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।

