কাপ্তাই বনে ১৪ ফুটের অজগর অবমুক্ত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দোভাষী বাজারের জনাকীর্ণ এলাকায় একটি দোকানের দরজার ওপর অজগর সাপ দেখতে পেয়ে স্থানীয় লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে সাপটি উদ্ধার করে রাঙামাটির কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

প্রায় ১৪ ফুট লম্বা ও আনুমানিক ১৫ কেজি ওজনের অজগরটি গতকাল সোমবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে রাঙামাটির কাপ্তাই রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের রাম পাহাড় বিটে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দ্রঘোনা দোভাষী বাজারের সন্ধ্যা জুয়েলার্সের দরজার ওপর অজগর সাপটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা সাপটি উদ্ধার করে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

NewsDetails_03

সন্ধ্যা জুয়েলার্সের মালিক রাজীব ধর জানান, দোকানের পেছনেই কর্ণফুলী নদী। তবে সাপটি কখন বা কীভাবে তাঁর দোকানে প্রবেশ করেছে, তা কেউ জানেন না।

পরে রাতে কাপ্তাই সহকারী বন সংরক্ষক এ কে এম ইমরুল কায়েস, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান এবং কাপ্তাই রেঞ্জের নবাগত কর্মকর্তা খান মো. আনোয়ার হোসেনের উপস্থিতিতে অজগরটি রাম পাহাড় বিটের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

জনাকীর্ণ বাজার এলাকায় এত বড় অজগর সাপের উপস্থিতিতে স্থানীয় লোকজন বিস্ময় প্রকাশ করেছেন। লোকালয়ে সাপটি কীভাবে এলো, তা নিয়ে তাঁদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন