রাঙামাটিতে উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ে সমন্বয় সভা, মঠ মন্দিরে চেক বিতরণ
রাঙামাটিতে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত, জনসেবার মানোন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি শারদীয় দুর্গাপূজা ও কঠিন চীবরদান উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা এবং দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে দুর্গাপূজা উপলক্ষে মঠ-মন্দিরে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

দুই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। সমন্বয় সভায় বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য দীপেন দেওয়ান। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া, সরকারি সেবার মানোন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দুর্গাপূজা ও কঠিন চীবরদান উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।
পরে বিভিন্ন মঠ-মন্দিরের প্রতিনিধিদের মধ্যে দুর্গাপূজা ও কঠিন চীবর দান উদ্যাপনের জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



