ক্রীড়াপ্রতিভা খুঁজতে মাটিরাঙ্গায় নতুন কুঁড়ি’র বাছাই পর্ব অনুষ্ঠিত

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের ক্রীড়ানৈপুণ্য বিকাশের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর পৌরসভা পর্যায়ের দল বাছাই কার্যক্রম। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বাছাইয়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

আজ বুধবার (৪ নভেম্বর) দিনব্যাপী মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বাছাই কার্যক্রমে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস (দৌড় ও লং জাম্প), ব্যাডমিন্টন (একক ও দ্বৈত), দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিসসহ মোট ১০টি খেলায় শিক্ষার্থীদের দক্ষতা ও ক্রীড়াপ্রতিভা যাচাই করা হয়।

NewsDetails_03

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবদিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক ও মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম।

মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শারীরিক শিক্ষার শিক্ষকরা বাছাই কার্যক্রম পরিচালনা করেন। একই দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নেও ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।

আয়োজকদের মতে, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত ক্রীড়াপ্রতিভা বিকাশের পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ তৈরি হবে। এ উদ্যোগের ফলে ভবিষ্যতে দক্ষ খেলোয়াড় গড়ে উঠবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন