খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে অগ্নিসংযোগ, পুড়ে ছাই
খাগড়াছড়ি পৌর শহরের মহাজনপাড়ায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি দূরপাল্লার বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। আজ শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, ভোর ৪টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসের অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যায়।
বিআরটিসি টিকিট কাউন্টারের প্রতিনিধি বিদ্যুৎ চাকমা জানান, “ভোর ৪টার দিকে ফোনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি বাসটি পুরোপুরি আগুনে পুড়ে গেছে।”
ঘটনার খবর পেয়ে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, “এ ঘটনার পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে বলে আমরা ধারণা করছি।
এছাড়া সাম্প্রতিক সময়ে যারা ‘মব’ সৃষ্টি করে অরাজকতা ছড়াচ্ছে, তাদেরও কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা প্রয়োজন।”
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথামিক তদন্তে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


