খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ৯টি দোকান ভস্মীভূত

কোটি টাকার ক্ষতির আশঙ্কা

খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

​গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে কলাবাগান এলাকার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিয়ান শিখা আশপাশের কাঠের দোকান, আসবাবপত্র তৈরির কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।

​খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে এলাকায় পানির তীব্র সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে চরম বেগ পেতে হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিসের সাথে উদ্ধারকাজে হাত মেলান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভোররাত পর্যন্ত প্রায় তিন ঘণ্টার টানা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

​অগ্নিকাণ্ডের বিষয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, “দোকান ও কারখানাগুলো কাঠ ও টিনের তৈরি হওয়ায় আগুন খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। তাছাড়া পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছে।”

​এদিকে অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তারা জানান, দোকানে থাকা তৈরি আসবাবপত্র, কাঁচামাল ও অন্যান্য মূল্যবান মালামাল পুড়ে শেষ হয়ে গেছে। সব মিলিয়ে তাদের প্রাথমিক ধারণা, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

আরও পড়ুন