শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত চিম্বুক-নীলগিরি সড়কে ম্রো তরুণদের পরিচ্ছন্নতা অভিযান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বান্দরবানের চিম্বুক-নীলগিরি সড়ক পরিচ্ছন্ন ও নান্দনিক করে তুলতে শুভ পদযাত্রা ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। এতে ম্রো (মুরুং) সম্প্রদায়ের কয়েকশ তরুণ-তরুণী ও নারী-পুরুষ অংশ নেন।
আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে রুমা-থানচি ও চিম্বুক-নীলগিরি সড়কের ৭ মাইল থেকে ২৭ মাইল পর্যন্ত বিভিন্ন পয়েন্টে দলে বিভক্ত হয়ে পরিচ্ছন্নতা অভিযান চালান তাঁরা। কর্মসূচির উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।
সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে সড়কের দুই পাশে বসবাসরত ম্রো পাড়ার তরুণ-তরুণী ও নারী-পুরুষেরা বিভিন্ন পয়েন্টে জড়ো হন। পরে তাঁরা দলবদ্ধভাবে সড়কের দুই পাশের ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করেন। স্থানীয় যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংকটময় মুহূর্তে বাংলাদেশের ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন। তাঁর স্মৃতিবিজড়িত এই সড়ক ও এলাকার সঙ্গে পাহাড়ের মানুষের আবেগ, ঐতিহ্য ও ইতিহাস জড়িয়ে রয়েছে।
তিনি বলেন, বান্দরবানের পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করতে চিম্বুক-নীলগিরি সড়কের দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সড়কটি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় ও নান্দনিক হয়ে উঠবে। পাশাপাশি পর্যটন খাতের বিকাশ, স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর অংশগ্রহণে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
মন্ত্রী আরও বলেন, পাহাড়ের সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণ সমাজকে সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করার পাশাপাশি পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব।
আয়োজকদের মতে, চিম্বুক-নীলগিরি সড়ক বান্দরবানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন পথ। সড়কটির দুই পাশে পরিচ্ছন্নতা বজায় রাখা গেলে পর্যটকদের ভ্রমণ আরও আনন্দদায়ক হবে এবং পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এই কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্ন, সুন্দর ও পর্যটকবান্ধব বান্দরবান গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা।


