জনগণের সাথে থাকতে চাই, জনস্বার্থেই কাজ করবো: দীপেন দেওয়ান

ধানের শীষের মার্কায় আপনারা আমাকে ভোট দিন। জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করবো। জনগণের কাছেই থাকতে চাই— আমার সাথে দেখা করতে কোনো মাধ্যমের প্রয়োজন নেই, সরাসরি আমার বাসায় চলে আসবেন; আমি সবার কথা শুনে যথোপযুক্ত পদক্ষেপ নিতে প্রস্তুত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান বুধবার রাজস্থলীতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি সকল জাতিগোষ্ঠীকে সাথে নিয়ে রাঙামাটিকে এগিয়ে নিতে চাই। সুষম উন্নয়নের মাধ্যমে প্রতিটি উপজেলাকেই সমান গুরুত্ব দেবো। কর্ণফুলী নদীর ওপর সেতু নির্মাণ এখানে জনগণের দীর্ঘদিনের দাবি। নির্বাচিত হলে এ ধরনের জনদরদি কাজগুলোই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

বুধবার (১০ ডি‌সেম্বর) রাজস্থলী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এ মতবিনিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এ কথা ব‌লেন।

NewsDetails_03

সকাল ১১টায় রাজস্থলী সদর বাজার প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান।

রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, এ্যাড. সাইফুল ইসলাম পনির, বাবুল আলী, আব্দুল মান্নান, নিজাম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক দেব্যো জ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক শ্বাসত চাকমা রিংকু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া, জেলা জাসাসের সভাপতি কামাল হোসেন এবং জেলা তাতীদলের আহ্বায়ক মো. শফি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুর্গম রাজস্থলী উপজেলা রাঙামাটি সদর থেকে দূরে থাকায় উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘদিন পিছিয়ে রয়েছে। তাই রাইখালী-চন্দ্রঘোনা কর্ণফুলী নদীর ওপর একটি সেতু নির্মাণসহ সুষম উন্নয়নের দাবিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন