ভূমি বেদখল ও নিপীড়নের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের নাজিরাম ত্রিপুরা পাড়ায় ত্রিপুরা সম্প্রদায়ের জমি বেদখল, অগ্নিসংযোগ এবং নিপীড়নের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় বিক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে জেলা শহরের রাজারমাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে সমবেত হয়। পরে প্রেস ক্লাবের এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের নাজিরাম ত্রিপুরা পাড়ায় ত্রিপুরা সম্প্রদায়ের ভূমি বেদখল, অগ্নিসংযোগের চেষ্টা এবং এলাকাবাসীকে মারধর করে আহত করার অভিযোগ করেন এবং এই ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পৈত্রিক ভূমি জবরদখল করার জন্য একটি মহল ক্রমাগত অপচেষ্টা ও নিপীড়ন চালিয়ে যাচ্ছে। শুধু ভূমি বেদখলই নয়, এর প্রতিবাদ করলে বিভিন্ন এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর ওপর নেমে আসছে চরম নির্যাতন। বক্তারা এসময় প্রশাসনকে এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষী ব্যক্তিদের গ্রেফতার করতে আহবান জানান।
সমাবেশে ক্লিংতন ত্রিপুরা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নেলসন ত্রিপুরা, এডিসন ত্রিপুরা, তনয়া ম্রো,জন ত্রিপুরা,থোয়াইংক্য চাকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।



