রাজস্ব আদায়ের সময় বৃদ্ধির দাবিতে কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ
রাজস্ব আদায়ের সময় বৃদ্ধি দাবিতে কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ করে দিয়েছে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। এতে রাঙামাটির বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) অবতরণ কেন্দ্রে রাজস্ব আদায় বন্ধ হয়ে গেছে। গত বুধবার সন্ধ্যা থেকে মাছ ধরা বন্ধ রয়েছে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, গত দুই বছর ধরে বিএফডিসির অবতরণ ঘাটে মাছ নামানোর জন্য খুব স্বল্প সময় নির্ধারণ করা হয়েছে। এতে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। দূর-দূরান্ত থেকে বোটে করে মাছ নিয়ে আসতে সামান্য দেরি হলে বিএফডিসি রাজস্ব গ্রহণ করে না। ফলে মাছের গুণগত মান নষ্ট হয়ে যায়, অনেক মাছ পচে যায় এবং ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এতে জেলেরা মাছের ন্যায্য দামও পান না।
তাদের দাবি, সকাল ৮টা থেকে বিকেল ৪টা এবং রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত অবতরণ কেন্দ্র খোলা রেখে রাজস্ব আদায়ের সময় বৃদ্ধি করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা মাছ আহরণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। এতে হ্রদের ওপর নির্ভরশীল হাজারো জেলে, ব্যবসায়ী ও শ্রমিক বিপাকে পড়েছেন।

কাপ্তাই হ্রদ বৃহত্তম মাছ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. শুক্কুর বলেন, “বিএফডিসির কমান্ডারের কাছে আমাদের দাবি-দাওয়া নিয়ে বেশ কয়েকটি চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে আমরা মাছ ক্রয় বন্ধ করেছি।
অন্যদিকে, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) রাঙামাটি মৎস্য কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম (এনডি) বিএন বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবতরণ কেন্দ্র খোলা থাকে। পাশাপাশি মাঝপথে কিছু বিরতি দিয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত সময়ও দেওয়া হয়েছে। সময় বাড়ানোর সঙ্গে অনেক বিষয় জড়িত। বর্তমান সময়সূচিতেই সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় সম্ভব।”
উল্লেখ্য, কাপ্তাই হ্রদ থেকে আহরিত মাছ বিএফডিসির অবতরণ ঘাটে সরকারি রাজস্ব পরিশোধের পর দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। হ্রদের ওপর নির্ভরশীল প্রায় ২৬ হাজার জেলে, ৫০০ ব্যবসায়ী ও পাঁচ হাজার শ্রমিকের জীবন-জীবিকা এই হ্রদকেন্দ্রিক।
বাংলাদেশের অভ্যন্তরীণ বন্ধ জলাশয়গুলোর মধ্যে কাপ্তাই হ্রদই সবচেয়ে বড়, এর আয়তন প্রায় ৫৮ হাজার ৩০০ হেক্টর। মৎস্য উৎপাদন, দেশীয় ও বৈদেশিক মুদ্রা অর্জন, জেলে ও ব্যবসায়ীদের জীবিকা, স্থানীয় জনগণের অর্থনৈতিক উন্নয়ন, প্রাণীজ আমিষের চাহিদা পূরণ এবং দেশের মৎস্য খাতের অগ্রগতিতে হ্রদটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।



