কাপ্তাই লেকে ২২তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন

রাঙামাটির কাপ্তাই হ্রদে অনুষ্ঠিত হয়েছে ২২তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা-২০২৬।

সোমবার (১৬ নভেম্বর) পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে এ আয়োজন। প্রতিযোগিতায় পুরুষ ও নারী উভয় বিভাগেই বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সাঁতারুরা সাফল্য অর্জন করেছেন। বিজয়ীদের হাতে নগদ অর্থ, মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের দেওয়া হয় সম্মাননা স্মারক।

সোমবার সকাল ১০টায় রাঙামাটি সদর উপজেলার মগবান বাজারঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয়। প্রায় ৮ কিলোমিটার পথ সাঁতরে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার ঘাটে পৌঁছান ২০ জন প্রতিযোগী।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজীম। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান।

প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজীম বলেন, সাঁতারকে দেশের মানুষের অংশগ্রহণমূলক ক্রীড়া হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নতুন প্রতিভা অন্বেষণ করে জাতীয় পর্যায়ে তুলে আনতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর উদ্যোগে সাঁতারের প্রসারে নেওয়া কার্যক্রম দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। দেশের সাঁতারুরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন। ভবিষ্যতে রাঙামাটি থেকেও জাতীয় ও আন্তর্জাতিক মানের সাঁতারু উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, উদ্যোক্তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে পার্বত্য চট্টগ্রাম ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। এ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও কাপ্তাই হ্রদ সাঁতারসহ বিভিন্ন জলক্রীড়ার বিকাশে অপার সম্ভাবনা তৈরি করেছে।

প্রতিযোগিতার পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ। দ্বিতীয় হন বাংলাদেশ নৌবাহিনীর আশিফ রেজা এবং তৃতীয় হন সেনাবাহিনীর জুয়েল আহমেদ।

নারী বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মোছা. মুক্তি খাতুন। দ্বিতীয় হন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার এবং তৃতীয় হন একই বাহিনীর পলি খাতুন।

অনুষ্ঠানে রাঙামাটির পুলিশ সুপার একে এম আব্দুর রকিব, জেলা পরিষদ চেয়ারম্যান দীপেন তালুকদারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, কাপ্তাই হ্রদকে ঘিরে এ ধরনের জাতীয় আয়োজন পার্বত্য অঞ্চলে সাঁতার ও জলক্রীড়ার বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ এবং তরুণ প্রজন্মকে সাঁতারে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন