বান্দরবানের চিম্বুক রেঞ্জের দুর্গম পাহাড়ে শিক্ষার নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। পিছিয়ে পড়া ম্রো জনগোষ্ঠীর শিশুদের পড়ালেখার সুযোগ বাড়াতে স্থানীয়দের উদ্যোগে প্রতিষ্ঠা করা হচ্ছে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যালয়টির নাম রাখা হয়েছে ‘চিম্বুক হেডম্যান পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’। দীর্ঘদিন ধরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবে ঝরে পড়া শিশুদের পড়ালেখা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন স্থানীয়রা।
গত শনিবার সন্ধ্যায় টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংইয়ং ম্রো বিদ্যালয় প্রতিষ্ঠা ও পাঠদান শুরুর বিষয়টি জানান।
তিনি বলেন, বান্দরবান-রুমা-থানচি সড়কের ম্রলং পাড়া থেকে জীবননগর এলাকা পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ৪০টি পাড়া-গ্রামে ম্রো জনগোষ্ঠীর বসবাস। বিশাল এই এলাকায় কোনো উচ্চ বিদ্যালয় তো দূরের কথা, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ও নেই। ফলে প্রাথমিক শিক্ষা শেষ করার পর অনেক শিশুর পড়ালেখা বন্ধ হয়ে যায়।
এলাকার শিশুদের ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি করতে স্থানীয়দের উদ্যোগে বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু হয়। এ নিয়ে বিভিন্ন সময়ে ছয়টি সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত ১২ নভেম্বর ষষ্ঠ সভায় ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরুর সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়।
সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য দনওয়াই ম্রো, ইমানুয়েল মেডিকেল সেন্টার ও সাঙ্গু ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ ডা. জ্যোতিময় মুরং, দেওয়াই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেনয়াং ম্রো, ব্যবসায়ী ইউসুফ ম্রোসহ ম্রো সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের পাঠদান শুরুর প্রস্তুতিও এগিয়ে চলছে। চেয়ারম্যান মাংইয়ং ম্রো জানান, চারজন শিক্ষক ও একজন অফিস সহায়ক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়োগের ক্ষেত্রে এক-তৃতীয়াংশ নারী প্রার্থীকে বিবেচনায় রাখার সিদ্ধান্ত রয়েছে।
তিনি আরও জানান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে স্থানীয় উদ্যোগে শ্রেণিকক্ষের জন্য চেয়ার-টেবিলসহ প্রয়োজনীয় আসবাবপত্রের ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় ম্রো জনগোষ্ঠীর বাসিন্দারা জানান, চিম্বুক রেঞ্জের অধিকাংশ মানুষ জুম চাষ ও বাগান করে জীবিকা নির্বাহ করেন। সন্তানদের প্রাথমিক শিক্ষা শেষ হওয়ার পর কোথায় পড়াবেন, তা নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা থাকে। কাছাকাছি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় অনেক শিশুই প্রাথমিকের গণ্ডি পেরোতে পারে না। ফলে শিক্ষার্থীদের বড় একটি অংশ ঝরে পড়ে।
তাদের ভাষ্য, চিম্বুক রেঞ্জে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে শিশুদের পড়ালেখা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। পাশাপাশি অভিভাবকদের মধ্যেও সন্তানদের বিদ্যালয়ে পাঠানোর আগ্রহ বাড়বে। তবে বিদ্যালয়টি ভবিষ্যতে দশম শ্রেণি পর্যন্ত উন্নীত করা গেলে এলাকার শিক্ষার্থীদের জন্য আরও বড় সুযোগ তৈরি হবে।
এদিকে চিম্বুক রেঞ্জের পূরা-বাংলা এলাকার বাসিন্দা ও রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ঙানরাও ম্রো বলেন, সম্প্রতি পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি ম্রো পাড়া পরিদর্শনকালে চিম্বুক রেঞ্জের মানুষের শিক্ষার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ এলাকায় আবাসিক সুবিধাসহ মহাবিদ্যালয় ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
ঙানরাও ম্রো আরও জানান, জুনিয়র স্কুল প্রতিষ্ঠার পাশাপাশি মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আবাসিক সুবিধাসহ কারিগরি শিক্ষা ও কলেজ প্রতিষ্ঠার জন্য জায়গা নির্বাচনের কাজ চলছে। চিম্বুক রেঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে পার্বত্য মন্ত্রীর সহযোগিতা রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, একসময় এই এলাকায় চিমবক ম্রো নামে একজন মৌজার হেডম্যান ছিলেন। সময়ের বিবর্তনে ‘চিমবক’ নামটি পরিবর্তিত হয়ে ‘চিম্বুক’ হয়েছে। প্রয়াত সেই হেডম্যান চিমবক ম্রোর নাম স্মরণে রেখেই বিদ্যালয়টির নামকরণ করা হয়েছে ‘চিম্বুক হেডম্যান পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’।
দুর্গম পাহাড়ে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার এই উদ্যোগ স্থানীয় শিশুদের শিক্ষার নতুন দুয়ার খুলে দেবে—এমন প্রত্যাশা করছেন চিম্বুক রেঞ্জের বাসিন্দারা।



