খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা দাবিদাওয়ার মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।

রবিবার (৯আগষ্ট) সকাল ১০টায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ারে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

রঙিন পোশাক, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ও ব্যানার-ফেস্টুন হাতে জেলার বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর নারী-পুরুষ র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পানখাইয়া পাড়া মারমা উন্নয়ন সংসদে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতিময় চাকমা।

NewsDetails_03

সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ভূমি অধিকার রক্ষায় সরকার ও আন্তর্জাতিক মহলের কার্যকর উদ্যোগ প্রয়োজন। সংবিধানে ‘আদিবাসী’ শব্দটির স্বীকৃতি না থাকলে তাদের সাংবিধানিক অধিকার সুরক্ষিত হবে না। তাই সাংবিধানিক স্বীকৃতি ও অধিকার নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, পাহাড়ের নারীদের ধর্ষণ ও নির্যাতন থেকে মুক্তি দিতে হবে এবং স্বাধীনভাবে চলাফেরার অধিকার নিশ্চিত করতে হবে। দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার বিষয়ে তারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলেও জানান বক্তারা।

আয়োজকরা বলেন, আন্তর্জাতিক আদিবাসী দিবস শুধু আনন্দ ও উৎসবের দিন নয়; এটি নিজেদের অস্তিত্ব, অধিকার, ভাষা, সংস্কৃতি ও পরিচয় তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ দিন।

দিনব্যাপী কর্মসূচিতে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো মানুষ অংশ নেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ হলেও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, দিবসটির বার্তা ও দাবিগুলো যেন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

আরও পড়ুন