বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭ হাজার ২৮৬ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ বাইশফাঁড়ি বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে বাইশফাঁড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩৭ থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি গ্রামের ঠান্ডাঝিরি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় থাকা ৭ হাজার ২৮৬ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধেও অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। এসব অভিযানের ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


